• ৩ অগ্রহায়ণ ১৪৩৩, রবিবার ২২ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Festival Of Colour

রাজ্য

দোলের দিন দোকান না খোলায় মারধর, দোকান ভাঙচুরের অভিযোগ, তিরে পঞ্চায়েত প্রধানের অনুগামীরা

মদ্যপানের অভিযোগ, দোকান না খোলায় মারধর, পাল্টা অভিযোগ। এতেই জড়িয়ে পড়েছেন স্থানীয় গ্রামপঞ্চায়েত প্রধান। যা নিয়ে সরগরম উত্তর ২৪ পরগনার বাগদা। বাগদার কৃষক বাজারের সামনে তৃণমূলের শ্রমিক সংগঠনের পার্টি অফিসের উল্টোদিকের দোকান। অভিযোগ এখানে প্রতিদিন মদ্যপান করে প্রধানের অনুগামীরা। সাম্প্রতিক দোকানের সামনে বসতে নিষেধ করেছিল দোকানের মালিক। অভিযোগ, হোলির দিন কেন দোকান খোলেনি সেই আক্রোশে দোকানের মালিক রাজু বিশ্বাস ঘর থেকে বেরোতেই তাকে হেনস্তা করে। প্রতিবাদ করতে গেলে প্রধানের অনুগামীরা একত্রিত হয়ে রাজু বিশ্বাসকে মারধর করে বলে অভিযোগ। রাজুকে বাঁচাতে গেলে তার অন্তসত্ত্বা স্ত্রীকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। বাড়ির উদ্দেশ্য করে বাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জিত সরদার ইট নিয়ে আক্রমণ করে, তার ছোড়া ইঁট ওই মহিলার লাগে বলেও অভিযোগ। পাশাপাশি ভাঙচুর করা হয় রাজু বিশ্বাসের দোকান। এই বিষয়ে বাগদা থানার দ্বারস্থ হয়েছে অন্তঃসত্ত্বা মহিলা। প্রধান কোনও মন্তব্য করতে অস্বীকার করেছেন।অন্তঃসত্ত্বা মহিলা অভিযোগ, তাঁর বাড়ির সামনের দোকানে বিভিন্ন সময় মদ্যপান করে গালাগাল করে প্রধানের অনুগামীরা। গতকাল তাঁর স্বামীর সঙ্গে অভব্য আচরণ করলে স্বামী প্রতিবাদ করতেই তাঁকে মারধর শুরু করে। তিনি ঠেকাতে গেলে তাঁকে ধাক্কা মারা হয়। পরবর্তীতে পুলিশের আশ্বাসে তিনি থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন । যদিও এই বিষয়ে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তদের মধ্যে অন্যতম অভিযুক্ত শুভেন্দু মন্ডল। শুভেন্দুর দাবি, একজন প্রতিবন্ধী ছেলেকে মারধর করছিল দোকান মালিক, তিনি ঠেকাতে গেলে তাকেও মারধর করে বলে অভিযোগ। তিনিও পাল্টা থানায় অভিযোগ করেছেন রাজুর বিরুদ্ধে। বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ দাস জানিয়েছেন, তিনি বিষয়টি শুনেছেন। পুলিশ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেবে। আইনের উর্ধ্বে কেউ নয়।

মার্চ ১৫, ২০২৫
রাজ্য

বিশ্ব কবির বিশ্বভারতীতে বসন্ত উৎসব ১১ মার্চ, এবারও প্রবেশ নিষেধ সাধারণের

কবি গুরুর বিশ্বভারতীতে বসন্ত উৎসব হবে ১১ মার্চ। এবারও গতবারের মতো সাবেকি প্রথায় অনুষ্ঠিত হতে চলেছে বসন্ত উৎসব। সেখানে একমাত্র বিশ্বভারতীর সঙ্গে সম্পর্কযুক্তরাই অংশ গ্ৰহণ করতে পারবে। এবারও সাধারণের প্রবেশ নিষেধ থাকছে। শুক্রবার বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে বসন্ত উৎসব নিয়ে বিশ্বভারতীর কর্মীমণ্ডলীর বৈঠক বসে। সেখানে উপস্থিত ছিলেন উপাচার্য বিনয় কুমার সোরেন, পাঠভবন, শিক্ষাসত্র সহ বিভিন্ন ভবনের অধ্যক্ষ এবং আধিকারিকরা। বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ আধিকারিক জানান, যেহেতু গৌর প্রাঙ্গন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এখানে কয়েক ঘন্টার অনুষ্ঠানে পাঁচ লক্ষ জনসমাগম নিয়ন্ত্রণ অসম্ভব। পৌষ মেলা হয় মেলার মাঠে। সেখানে ৬ দিন ধরে মেলা হয়েছে। তাই জনসমাগমের সংখ্যা ভাগ হয়ে গিয়েছে। উল্লেখ্য, বিশ্বভারতী সাধারণত দোলের দিন বসন্ত উৎসবের আয়োজন করে না। আশ্রমে বসন্ত উৎসবের সাথে যুক্ত নয় কোনও ধর্মীয় অনুষঙ্গ। তাছাড়া হেরিটেজ তকমা রক্ষার্থে এবারও বিশ্বভারতী বেশি সতর্ক। ১১ মার্চ পড়ুয়া, অধ্যাপক-অধ্যাপিকা, আশ্রমিকদের নিয়ে বসন্তোৎসব করবে বিশ্বভারতী। সেখানে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ বহাল থাকছে। ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতীকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে ইউনেস্কো। এই হেরিটেজ তকমা রক্ষা করতে এবার সতর্ক বিশ্বভারতী। স্বাভাবিক ভাবে দোলপূর্ণিমার দিন হচ্ছে না বসন্তোৎসব। দোলপূর্ণিমা ১৪ মার্চ৷ তার কয়েক দিন আগে ১১ মার্চ বসন্তোৎসব পালন করবে বিশ্বভারতী। কারণ, ১৪ মার্চ শান্তিনিকেতনে পর্যটকদের ভিড় থিক থিক করে৷ তাই ওই দিন বসন্তোৎসব করলে বহিরাগতরা আশ্রমে প্রবেশ করে যেতে পারে৷ এদিন, বসন্তোৎসব নিয়ে বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে কর্মিমণ্ডলীর সদস্যদের নিয়ে বৈঠক করেন ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেন। তাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ বিশ্বভারতীতে বসন্তোৎসব হতো আশ্রম মাঠে৷ আর এই উৎসবকে কেন্দ্র করে কয়েক ঘন্টা লক্ষ লক্ষ মানুষের সমাগম হত৷ উৎসবের সূচনার পরেই বহিরাগতদের তাণ্ডবের সাক্ষী বিশ্বভারতীর পড়ুয়া, অধ্যাপক-অধ্যাপিকা, আশ্রমিক, শান্তিনিকেতনবাসী সকলেই৷ এই আশ্রম মাঠ সংলগ্ন এলাকায় রয়েছে ঐতিহ্যবাহী চৈতি বাড়ি, গৌরপ্রাঙ্গণ, ঘন্টা তলা, কালো বাড়ি, রামকিঙ্কর বেইজের মূল্যবান ভাস্কর্য প্রভৃতি। তাতেও আবির ছুঁড়ে দেওয়া হতে পারে৷ এছাড়া অতীত অভিজ্ঞতায় দেখা গিয়েছে, বসন্তোৎসব শেষে বিশ্বভারতীর ক্যাম্পাসজুড়ে মিলত মদের রাশি রাশি বোতল, প্ল্যাস্টিক প্রভৃতি। এমনকি, বহিরাগতদের হেনস্থার শিকারও হতে হয়েছে বিশ্বভারতীর বহু ছাত্রীকে। এই বিশ্বভারতী বর্তমানে ওয়ার্ল্ড হেরিটেজ। এই হেরিটেজ তকমা রক্ষার্থে আর বহিরাগতদের প্রবেশাধিকার দিয়ে বসন্তোৎসব করতে চায় না বিশ্বভারতী। তাই এবারও বিশ্বভারতীর বসন্তোৎসবে বহিরাগতরা প্রবেশ করতে পারবেন না৷ রবীন্দ্রসংগীত ও নৃত্যের মধ্যদিয়ে পড়ুয়ারা উদযাপন করবে বসন্তোৎসব।শেষবার ২০১৯ সালে আশ্রম মাঠে হয়েছিল বসন্তোৎসব। ২০২০ সালে কোভিড পরিস্থিতির জন্য বন্ধ হয়ে গিয়েছিল উৎসব। ২০২১ সাল থেকে তৎকালীন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বসন্তোৎসবে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছেন৷ এমনকি, ভিড় এড়াতে দোলপূর্ণিমার দিন বসন্তোৎসব না করার সিদ্ধান্ত নিয়েছিলেন৷

ফেব্রুয়ারি ১৬, ২০২৫
উৎসব

আড়াল আবডালেও যেন 'রাজনীতির রঙ' না লাগে! রঙ নিয়ে ছুতমার্গী রঙীন বাঙালি

দিনগুলি মোর - সোনার খাঁচায় রইল না- সেই-যে আমার নানা রঙের দিনগুলি। বাঙালির কোনও অনুষ্ঠানই সম্পূর্ন হয় না কবিগুরুর গান ছাড়া, সে পয়লা বৈশাখ হোক বা বসন্ত উৎসব। সোনার খাঁচার সোনার দিন অনেকটা কল্পনিক লাগলেও বাঙালি আজও রঙ খেলে, সে হোলি বা দোলযাত্রা বা বসন্ত উৎসব যে নামেই হোক।রাত পোহালেই দোলযাত্রা। সাজো সাজো রব বাজারে। নিত্যসামগ্রীর দোকানের নিত্যদ্রব্য সরিয়ে সাময়িক ভাবে জায়গা হয়েছে রঙ-র। নানা রঙের শোভায় চোখ ধাঁধিয়ে যাচ্ছে। অতীতে লাল, হলুদ, গোলাপি, নীল, কমলা মত স্বাভাবিক কয়েকটি রঙের আবির-ই দেখা যেত, এখন নানা-রঙের বাহার। বেনিআসহকলা (বেগুনী, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা ও লাল) বাইরেও বেশ কিছু রঙের দেখা মিলছে বাজারে।শহর বর্ধমানে রঙের দোকানে খোঁজ নিয়ে জানা গেলো, অপ্রচলিত (uncommon) রঙের চাহিদা-ই সবচেয়ে বেশী এইবারে। ভরা ভোট মরসুমে কেউই তাঁর নিজের রঙ চেনাতে নারাজ। তাই লাল, নীল, সবুজ বা গেরুয়ার পরিবর্তে অপ্রচলিত রঙের দিকেই বেশী ঝুঁকেছেন জনগণ। শহরের তেঁতুলতলা পাইকারি বাজারে খোঁজ নিয়ে জানা গেল, দোল উৎসবে রাজনৈতিক দলের নেতা কর্মীরা নিজ-নিজ দলের রঙের আবিরই কিনছেন।এবারে লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার কিছু দিনের মধ্যেই দোলযাত্রা অনুষ্টিত হতে চলেছে। শিল্পাঞ্চল থেকে বর্ধমান গ্রামীণ-এ শুরু হয়ে গেছে জোড় প্রচার পর্ব। শহর থেকে শহরতলী চলছে দোলের প্রস্তুতি। মল থেকে শুরু করে ছোট-বড় বাজারে আবির ও রঙের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। বাজারে কচি কাঁচাদের ভিড় লক্ষণীয়। রঙের ব্যাপারীরা জানাচ্ছেন, ক্রেতাদের মধ্যে এ বার আবিরের চাহিদা বেশী। কিন্তু তারা আবিরের রঙ নিয়ে বেশ সজাগ। সাধারণ ভাবে যে যে রঙ (লাল, নীল, সবুজ, গেরুয়া) রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত বা কোনও বিশেষ রাজনৈতিক দলের ছাপ বহন করে, সেই সেই রঙের আবিরের থেকে তারা এড়িয়েই চলছেন। এবারে ক্রেতারা মজেছেন হলুদ, বেগুনি, আকাশি, হালকা গোলাপির মত অনেক নাম না জানা রঙে।রবিবার বর্ধমানে বিরহাটার এক রঙের দোকানে ক্রেতা জানান, এবারে বেশীরভাগ স্কুলের পরীক্ষা হয়ে রেজাল্ট বেরিয়ে গেছে বলে ছাত্র-ছাত্রীদের রঙ মেখে শরীর খারাপ হয়ে পরীক্ষা খারাপ হবে-র মত ব্যাপার নেই। তাই বাচ্ছারা এবারে জোড় কদমে রঙ খেলার প্রস্তুতি নিচ্ছে। বর্ধমান শহরে বেশ কয়েকটি জায়গায় দোল উৎসব পালন করার আয়োজন করা হয়েছে। শহরের প্রাণকেন্দ্র টাউনহলে এক দোল উৎসব কমিটির আয়োজনে তিন দিন ব্যাপী দোল উদযাপন অনুষ্ঠান চলছে।বর্ধমান শহরের বীরহাটার আবির বিক্রেতা জনতার কথা কে জানান, এবারে গোলা রঙের চাহিদা সেই ভাবে নেই বললেই হয়, তাঁর বদলে আবিরের চাহিদা দারুন। বিক্রেতার দাবি, এ বার সবচেয়ে বেশি বিক্রী হচ্ছে হলুদ ও আকাশি আবির। তার পরে বেগুনি ও হালকা আকাশি রঙের আবিরও কিনছেন ক্রেতারা।পূর্ব বর্ধমান জেলার প্রধান দুই শহর কালনাও বর্ধমান-এ নির্ধারিত দোলের দিনে কোনোরূপ রঙ খেলা হয় না। প্রথামত এইদিন বর্ধমান মহারাজার পরিবার তাঁদের অধিষ্টাত্রী দেবীর পায়ে আবির দিয়ে দোল অনুষ্ঠানের সূচনা করেন, এবং পরের দিন শহরের আম জনতা সকলে রঙের উৎসবে মাতেন। মহারাজাদের শাসনকাল থেকেই এই রীতি চলে আসছে যা আজও প্রবাহমান।শহরের এক বাচিক শিক্ষা কেন্দ্র শ্রুতিশ্রীর প্রধান সুদেষ্ণা আচার্য জনতার কথা কে জানান, তাঁরা তাঁদের ছাত্র ছাত্রীদের নিয়ে প্রতি বছরের মতো এবারও বসন্ত উৎসব পালন করছেন। এবার তারা তাদের উৎসব নতুন পল্লী আদি কালীবাড়িতে পালন করছেন। তিনি বলেন, স্বাভাবিক ভাবেই আমরা কোনও অনুষ্ঠান-ই কবিগুরুকে ছাড়া পালন করতে পারিনা, সে ভাবেই তাঁর গান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান......র মধ্যেই আমরা আমাদের মনের রঙের ফেরী করব আগামীকাল।।বিশিষ্ট নৃত্য শিল্পী তুনা রুদ্র জনতার কথা কে বলেন, দোল মানেই রঙের উৎসব। দোল মানেই শত দুঃখকে দূরে সরিয়ে রেখে নিজেকে রঙিন করে তোলা। সকল দুঃখ কষ্টকে দূরে সরিয়ে রেখে আনন্দের পথে এগিয়ে চলাই জীবন। আর এই রঙের উৎসব পরিবারের সাথে কাটানোতেই তাঁর সবচেয়ে বেশী অনন্দ বলে তিনি মনে করেন।

মার্চ ২৪, ২০২৪
রাজ্য

জামালপুরে দোল খেলতে যাওয়ার সময় আক্রান্ত রাজ্য বিজেপি নেতা

শ্বশুর বাড়ির দোল উৎসব অনুষ্ঠানে যোগ দিতে যাবার পথে দুস্কৃতি হামলার শিকার হলেন রাজ্য বিজেপি নেতা কল্যাণ চৌবে। শুক্রবার বিকাল পৌনে চারটে নাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার মসাগ্রাম রেল গেট এলাকায়। ঘটনা বিষয়ে এদিন সন্ধ্যায় জামালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কল্যান চৌবে। তাঁর অভিযোগের তীর যদিও তৃণমূলের দিকেই। তবে তৃণমূল নেতৃত্ব বিজেপি নেতার আনা অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন।বিজেপি সূত্রে জানা গিয়েছে, কলকাতার উল্টোডাঙ্গা নিবাসী কল্যাণ চৌবে দলের উত্তর কলকাতার সভাপতি। একই সঙ্গে তিনি রাজ্য বিজেপিরও সদস্য। জামালপুর থানায় দায়ের করা অভিযোগে কল্যান চৌবে জানিয়েছেন, শ্বশুর বাড়ির দোল উৎসব অনুষ্ঠানে যোগ দিতে এদিন তিনি জামালপুরের রাজারামপুর গ্রামে যাচ্ছিলেন। সামনের গাড়িতে তিনি ও তাঁর নিরাপত্তারক্ষীরা ছিলেন। পিছনের গাড়িতে ছিলেন তাঁর স্ত্রী ও নাবালিকা কন্যা। বিকাল পৌনে চারটে নাগাদ তাঁরা মেমারি তারকেশ্বর রোডে মসাগ্রাম লেবেল ক্রসিং এর কাছে পৌছান। কলাণবাবু দাবি করেছেন, তাঁর গাড়ির সামনে বিজেপির একটি পতাকা লাগানো ছিল। এছাড়াও ড্যাসবোর্ডে রাখা ছিল উত্তরীয় ও ব্যাচ। এইসব দেখেই মসাগ্রাম রেল গেট এলাকায় থাকা দুস্কৃতি দল তাঁকে প্রাণে মেরে দেবার উদ্দেশ্যে আচমকাই তাঁর গাড়ির উপর চড়াও হয়। কল্যাণবাবু দাবি করেছেন, তাঁর নিরাপত্তা রক্ষীরা কোনক্রমে তাঁকে ও তাঁর পরিবার সদস্যদের রক্ষা করেন। হামলায় তাঁদের দুটি গাড়ির ক্ষতি হয়েছে বলেও পুলিশকে জানিয়েছেন কল্যাণ চৌবে। থানায় অভিযোগ দায়ের করার পর ফের স্বপরিবার রাজারামপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দেন বিজেপি নেতা। পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। বিজেপির নেতার আনা এই অভিযোগ কতটা সত্য তা নিয়েই প্রশ্ন তুলেছেন জেলা তৃণমূলের মুখপত্র প্রসেনজিৎ দাস। পাল্টা অভিযোগে তিনি বলেন, ওই বিজেপি নেতার বিরোধী গোষ্ঠীর লোকজনই হয়তো এইসব ঘটনা ঘটিয়ে থাকতে পারে। পুলিশের তদন্তেই সব পরিস্কার হয়ে যাবে।

মার্চ ১৯, ২০২২
রাজ্য

প্রাচীন ঐতিহ্য মেনে দোল পূর্ণিমায় রঙের উৎসবে মাতোয়ারা হন না বর্ধমান ও রাধাবল্লভবাটির বাসিন্দারা

দোল পূর্ণিমার দিন সারা বাংলা মাতোয়ারা থাকলো রঙের উৎসবে।কিন্তু সুপ্রাচীন ঐতিহ্য মেনে এই দিনটিতে আবিরের রঙে রাঙা হন না রাঢ়বঙ্গের অন্যতম প্রাচীন নগর বর্ধমানের বাসিন্দারা।এখানে দোল উৎসব পালিত হয় দোল পূর্ণিমার পরের দিন ।রাজা না থাকলেও শতাব্দী প্রাচীন কাল ধরে রাজরীতি মেনেই এই ভাবেই রঙের উৎসব পালন করে চলেছেন বর্ধমানবাসী। একই রকম ভাবে সাবেকী রীতি মেনে পূর্ব বর্ধমানের জামালপুরের। রাধাবল্লভবাটি মৌজায় দোল পূর্ণিমার পরদিন পালিত হয় দোল উৎসব। যা জোড়া রাধাবল্লভের দোল নামেই খ্যাত।দোল পূর্ণিমার দিন বর্ধমানবাসী কেন রঙের উৎসবে মাতোয়ারা হন না তার পিছনেও রয়েছে দেবতাদের প্রতি ভক্তির কাহিনী। কথিত আছে বর্ধমানের মহারাজা বিজয় চাঁদ মহতাব এই প্রথা চালু করেন। প্রথম দিন অর্থাৎ দোল পূর্ণিমার দিনটি বর্ধমানের অধিষ্টাত্রী দেবী মা সর্বমঙ্গলা দেবীর দোল। এও কথিত আছে বর্ধমানে দোল পূর্ণিমা তিথিটি হল ঠাকুর দেবতার দোল উৎসবের দিন। সেদিন শুধুমাত্র দেব-দেবীর রাঙা চরণ আবির ও কুমকুমে চর্চিত হবে। সেই উপলক্ষে রাজবাড়ির অন্দর মহলে খেলা হবে দোল। পরের দিন অনুষ্ঠিত হবে মানব সাধারণের রঙের উৎসব। সেই রীতির আজও সার্থক উত্তরাধিকারী বর্ধমানের মানুষ। ঐতিহ্য মেনে আজও দোল পূর্ণিমা তিথিতে প্রাচীন বর্ধমানের প্রানকেন্দ্র সর্ব্বমঙ্গলা বাড়িতে দোল উৎসব পালিত হয় এবং বর্ধমানবাসী পরের দিন দোল উৎসব পালন করে।একই রকম ঐতিহ্য মেনে দোল উৎসবের পরদিন জোড়া রাধাবল্লভের দোল উৎসবে মাতোয়ারা হন জামালপুরের রাধাবল্লভবাটি মৌজা এলাকার বাসিন্দারা। দীর্ঘ প্রায় চারশো বছর ধরে জোড়া রাধাবল্লভ পূজিত হয়ে আসছেন জামালপুরের রায় পরিবারের মন্দিরে। শনিবার রাধাবল্লভের চরণে আবির দিয়ে তারপর বিকালে রঙের উৎসবে মাতোয়ারা হবেন জামালপুরবাসী। মন্দির প্রাঙ্গনে বসবে মেলা। জোড়া রাধাবল্লভের পুজো দেখতে আশপাস এলাকারও বহু মানুষ মন্দির প্রাঙ্গনে এইদিন জড়ো হন। পূর্ব বর্ধমান জেলায় আজও অন্যতম ঐতিহ্যের সাক্ষ বহন করেচলেছে জোড়া রাধাবল্লভের দোল উৎসব।জোড়া রাধাবল্লভের দোল উৎসব ঘিরে প্রচলিত রয়েছে নানা লোককথা। জামালপুরের রায় পরিবারের সদস্য প্রশান্ত কুমার রায় জানালেন, তাদের পূর্ব পুরুষরা ছিলেন রাজপুত। প্রায় চার শতাধিক বছর কাল আগে রাজস্থান থেকে বর্ধমানে বানিজ্য করতে এসেছিলেন তাদের রাজপুত সিংহ বংশিয় এক পূর্ব পুরুষ। বর্ধমান জেলার জামালপুরে তিনি আস্তানা গাড়েন। শত্রু আক্রমণ ঠেকাতে গড়কাটা হয় আস্তানার চারপাশ জুড়ে। সেই গড়কাটার সময় মাটি থেকে উদ্ধার হয় রাধাকৃষ্ণের অষ্টধাতুর একটি মূর্তি। রাধাকৃষ্ণ মূর্তিটি রাজপুত পরিবারের কাছে রাধাবল্লভ নামে পরিচিতি পায়। আস্তানা এলাকায় ছোট্ট একটি মন্দির গড়ে রাধাবল্লভের মূর্তির পুজোপাঠ শুরু করে রাজপুত পরিবার। সেই সমসাময়িক কালেই কোন এক বৈষ্ণব সাধক ওই মন্দিরের সামনে কষ্টিপাথরের কৃষ্ণ মূর্তি এবং অষ্ট ধাতুর রাধা মূর্তি ফেলে রেখে দিয়ে চলে যান। সেই থেকে দোল উৎসবের পরদিন প্রতিপদ তিথিতে জোড়া রাধাবল্লভের মূর্তির পুজোপাঠ হয়ে আসছে রাধাবল্লভ মন্দিরে। প্রশান্ত বাবু জানালেন পূর্বতন বর্ধমান মহারাজা জামালপুরের কয়েকটি মৌজা এলাকার জমিদারি দেখভালের দায়িত্ব দিয়েছিলেন তাদের পূর্ব পুরুষদের। সেই সময় কালেই রাধাবল্লভ কে স্মরণ করে এখানকার জমিদারি মৌজা রাধাবল্লভবাটি মৌজা নামে পরিচিতি পায়। বর্ধমান মহারাজা কর্তৃক রায় উপাধিতে ভূষিত হয় রাজস্থান থেকে জামালপুরে আস্তানা গাড়া সিংহ পরিবার। ভক্তিতে ভর করেই জোড়া রাধাবল্লভের দোল উৎসবের দিনেই রঙের উৎসবে মাতেন জামালপুরের রাধাবল্লভবাটি মৌজার বাসিন্দারা।রায় পরিবারের অপর সদস্য পার্থপ্রতিম রায় জানালেন, দোল পূর্ণিমার দিন রাধাবল্লভ মন্দির প্রাঙ্গনে পরিবারের সকল সদস্য মিলে চাঁচর পোড়ান। পূর্ণিমার পর দিন প্রতিপদ তিথিতে বংশের মন্দিরে হয় রাধা বল্লভের পুজোপাঠ। পার্থপ্রতিম বাবু বলেন, রাধাবল্লভের ভোগ অন্নে শুক্তো চাই। এদিন সকাল থেকে শুরু হয় পুজোপাঠ। রাধাবল্লভের চরণে আবির দিয়ে বিকালে মন্দির চত্ত্বরে এলাকাবাসী আবির খেলায় মাতেন। সন্ধ্যায় বিতরণ করা হয় অন্ন ভোগ।

মার্চ ১৮, ২০২২
নিবন্ধ

নব বসন্ত (ছোট গল্প)

ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান--- গান বাজছে পাশের মাঠে। আপন মনে গানটির দিকে পায়ে পায়ে এগিয়ে গিয়ে বন্ধ জানালা টা খুলে দাঁড়িয়ে পড়ল নীলিমা। যে জানালা গত এক বছর কেউ খুলতে পারে নি। শুভ্র বসনা নীলিমা জানালার গরাদ ধরে দাঁড়িয়ে। আজ দোল, তাই প্রতি বছরের মত বসন্ত উৎসবের আয়োজন করেছে পাড়ার ক্লাব থেকে। প্রতি বছর হয়। নীলিমাদের বাড়ি ঠিক মাঠের পাশে। নীলিমার ঘরের জানালা দিয়ে দেখা যায় বিকেলবেলা রঙীন প্রজাপতির মতো বাচ্চারা খেলে বেড়ায়। বয়স্করা হাঁটতে আসে। আজ দোল সবাই মেতেছে আবীরের রঙে। নীলিমার মন পড়ে এমনই এক দোলের দিনে হলুদ শাড়ি পড়ার তাকে হলুদ আবীর গালে মাখাতে মাখাতে কিছু যেন বলতে চেয়েছিল একজোড়া চোখ। তখন বুঝতে পারে নি, বলা যায় বুঝতে চায় নি। কারণ অনেক দেরী হয়ে গেছে, ততদিনে নীলিমার বিয়ে ঠিক হয়ে গেছে দিব্যেন্দুর সাথে। ও তখন তৃতীয় বর্ষে পড়ে। গ্রাজুয়েশন করে বিয়ে হয় ওর। তারপর আর দেখা হয়নি তার সাথে।বিয়ের পর খুব আনন্দে কাটছিল নীলিমার। কিন্তু একটি দুর্ঘটনা নীলিমার জীবনের সব রঙ কেড়ে নেয়। সেই চরম আঘাতে ও নিজেকেও হারিয়ে ফেলে। একটু একটু করে নিজেকে আবার জীবনের ছন্দে আনার চেষ্টা করছে ও, সেই চেষ্টা করছে যার সাহায্যে সে আর কেউ নয় সেই চোখ জোড়া যার ছিল। যদিও নীলিমা জানত না, কারণ দুর্ঘটনার পর ওদের যে হাসপাতালে নিয়ে যায় আকাশ সেখানকার ডাক্তার। নীলিমা আজ জানালায় দাঁড়িয়ে নিজের অতীত আর বর্তমান নিয়ে ভাবছে। এই দোল, রঙ ছিল ওর ভীষণ প্রিয়--নীলা এখানে কী করছিস মা? পিছনে এসে মা জিজ্ঞাসা করে। তোর চোখে জল কেন? বলেছি না কাঁদবি না। তুই এরকম করে থাকলে আমার কি ভালো লাগে। একটা হলুদ রঙের শাড়ি বিছানার উপর রেখে বলেন এই শাড়িটা পড়ে নীচে চল দেখবি কারা এসেছে। এই বলে নীলিমার শাশুড়ি মা চলে যায়। নীলিমা ভাবে হঠাৎ তাকে কেন সাদা থানার ছেড়ে রঙীন শাড়িটা পড়তে বললো! ও ভাবতে ভাবতে নীচে নামে---কাদের কথা শোনা যাচ্ছে, খুব চেনা লাগছে গলা গুলো ভাবে সে। দ্বিধাগ্রস্ত ভাবে বসার ঘরের পর্দাটা একটু সরিয়ে অবাক হয়ে যায় নীলিমা। আকাশের সাথে আজ ও ওর মা বাবাকে সঙ্গে করে নিয়ে এসেছে। এবার কী করবো আমি?? ভাবে নীলিমা। আকাশ শুধু ওকে চিকিৎসা করে না শুশ্রূষা করে সঙ্গ দিয়ে সুস্থ করে তুলেছে। বহুবার বোঝাতে চেয়েছে নতুন করে জীবন শুরু করার কথা। না কিছুতেই আজ ও পারবে না সব সংস্কার পেরিয়ে যেতে। এইসব ভাবছে নীলিমা এমন সময় কই নীলা মা ভিতরে এস বলে ডাকে নীলিমার শ্বশুর মশায়। ভীরু পায়ে ঘরের ভেতর গিয়ে দাঁড়ায়। তোমাকে যে তোমার মা শাড়িটা দিয়ে এল তুমি পরলে না! অবাক চোখে তাকায় নীলিমা। ও কী ভুল শুনছে! নাকি স্বপ্ন দেখছে ভাবে! না মা তুমি ঠিক শুনছো, আমি তোমাকে রঙীন শাড়িটা পড়তে বলছি। আকাশ আমার চোখ খুলে দিয়েছে। ও আমাদের ছেলে হয়ে এসেছে মা তুমি ওকে ফিরিয়ে দিও না। আমি বাবা হয়ে তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আমি তোমাকে বৈধব্য পালন করতে বলে মহা ভুল করেছি। যা নীলা পড়ে আয় শাড়িটা আকাশ নিজে কিনে এনেছে বলেন আকাশের মা। নীলিমার হাত ধরে ঘরে নিয়ে গিয়ে শাড়ি পড়িয়ে আগের মতো সাজিয়ে নিয়ে আসে আকাশের মা। আজই আশীর্বাদ করে যাই আসছে বৈশাখ মাসে শুভ দিন দেখে আমার ঘরের লক্ষ্মী কে নিয়ে যাবে ---- বলে আকাশের বাবা। তাই হোক আমার ঘরের লক্ষ্মী আপনার হোক বলে চোখ মেলে নীলিমার শ্বশুর মশায়। এমন সময় একমুঠো হলুদ আবীর নিয়ে নীলিমার মুখে মাখিয়ে দিতে দিতে আকাশ বলে সারাজীবন এইরকম রঙীন থাকবেনীলিমার দুচোখ আকাশ কে বলে সেই না বলা কথা তুমি এভাবেই আমাকে রাঙিয়ে রেখো সারা জীবন পাশের মাঠে বেজে ওঠে নব বসন্তের দানের ডালি-----

মার্চ ১৮, ২০২২

ট্রেন্ডিং

কলকাতা

চিকিৎসককে মারলেই ৫০ হাজার টাকা জরিমানা! হাসপাতাল ভাঙচুরে হতে পারে ৩ বছরের জেল, বড় নির্দেশ রাজ্যের

চিকিৎসকের গায়ে হাত তুললে কিংবা হাসপাতালে ভাঙচুর চালালে এ বার থেকে কড়া শাস্তির মুখে পড়তে হবে। দিতে হতে পারে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা। এমনকি দোষ প্রমাণিত হলে তিন বছর পর্যন্ত জেলও হতে পারে। চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নির্দেশিকা জারি করল রাজ্যের স্বাস্থ্য দফতর।সাম্প্রতিক সময়ে রাজ্যের একাধিক হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মেডিক্যাল কলেজ, নিউ টাউনের একটি বেসরকারি হাসপাতাল এবং পূর্ব বর্ধমানের একটি গ্রামীণ হাসপাতালে হামলার ঘটনা সামনে এসেছে। এই পরিস্থিতিতে হাসপাতাল ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা আরও জোরদার করতে নতুন পদক্ষেপ করল স্বাস্থ্য দফতর।নির্দেশিকায় জানানো হয়েছে, ২০০৯ সালের পশ্চিমবঙ্গ মেডিকেয়ার সার্ভিস পার্সন্স অ্যান্ড মেডিকেয়ার সার্ভিস ইনস্টিটিউশন আইনের বিধান আরও কঠোর ভাবে কার্যকর করা হবে। সরকারি হোক বা বেসরকারি, কোনও হাসপাতাল কিংবা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক, নার্স বা অন্য কোনও স্বাস্থ্যকর্মীর উপর হামলা হলে অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।কোনও স্বাস্থ্যকর্মীর গায়ে হাত তোলা কিংবা হাসপাতাল বা নার্সিংহোমে ভাঙচুরের ঘটনায় অভিযুক্তকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা দিতে হতে পারে। পাশাপাশি দোষ প্রমাণিত হলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ডও হতে পারে। অভিযুক্তকে চিহ্নিত করার জন্য হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে। এই ধরনের ঘটনায় পুলিশকে জামিন অযোগ্য ধারায় মামলা করার নির্দেশও দেওয়া হয়েছে।শুধু জরিমানা বা জেলেই শেষ নয়, হাসপাতালের সম্পত্তির ক্ষতি করলে তার ক্ষতিপূরণও দিতে হবে অভিযুক্তকে। নির্দেশিকায় বলা হয়েছে, ভাঙচুরের ফলে কত টাকার ক্ষতি হয়েছে, তা আদালত খতিয়ে দেখবে। আদালতের নির্দেশ অনুযায়ী সেই ক্ষতিপূরণের টাকা হামলাকারীর কাছ থেকেই আদায় করা হবে।ইতিমধ্যেই রাজ্যের প্রতিটি জেলার পুলিশ প্রশাসনের কাছে নতুন নির্দেশিকার প্রতিলিপি পাঠিয়ে দেওয়া হয়েছে। ফলে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় এ বার থেকে আরও কড়া নজরদারি এবং আইনি পদক্ষেপের সম্ভাবনা তৈরি হয়েছে।স্বাস্থ্য দফতরের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোম। সংগঠনের তরফে চিকিৎসক রাজীব পাণ্ডে জানিয়েছেন, এই সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী। রোগীদের নিরবচ্ছিন্ন চিকিৎসা পরিষেবা দিতে হলে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। সেই দিক থেকে নতুন নির্দেশিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নভেম্বর ২১, ২০২৬
কলকাতা

ফেসবুকে অতিসক্রিয় কর্মীরা! তৃণমূলের গোপন তথ্য ফাঁস নিয়ে ক্ষুব্ধ মমতা, দিলেন কড়া সতর্কবার্তা

তৃণমূলের অন্দরের খবর কি দলের কর্মীদের একাংশের মাধ্যমেই বাইরে চলে যাচ্ছে? এই প্রশ্ন ঘিরেই নতুন করে চর্চা শুরু হয়েছে রাজ্যের শাসকদলের অন্দরে। দলের কর্মীদের একাংশের সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সক্রিয়তা নিয়ে সতর্ক করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট বার্তা, আত্মপ্রচার করতে গিয়ে যেন অন্য কর্মীদের বিপদের মুখে ঠেলে দেওয়া না হয়।কালীঘাট শিবির সূত্রে খবর, দলের কর্মীদের উদ্দেশে মমতা বলেছেন, মুখপাত্র ছাড়াও অনেকেই সমাজমাধ্যমে অতিরিক্ত সক্রিয় হয়ে পড়ছেন। কেউ কেউ দলের কর্মসূচির খবর আগেভাগেই প্রকাশ্যে নিয়ে আসছেন। এর ফলে দলের ভিতরের গুরুত্বপূর্ণ তথ্য পুলিশ বা গোয়েন্দাদের হাতে পৌঁছে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। নেত্রীর সতর্কবার্তা, আত্মপ্রচারের জন্য এমন কোনও কাজ করা উচিত নয়, যাতে অন্য কর্মীরা বিপদে পড়েন।এই পরিস্থিতিতে সমাজমাধ্যমে সরব হয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। তিনি লিখেছিলেন, দল এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। বহু কর্মী ঘরছাড়া। প্রতিদিন তাঁদের মারধরের মুখে পড়তে হচ্ছে। এই পরিস্থিতিতে বসে থাকার সময় নয়। বরং সবাইকে ঝাঁপিয়ে পড়ে কাজ করতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরও শক্ত করতে হবে।কুণাল আরও লিখেছিলেন, গদ্দারমুক্ত পরিবেশে দলের কর্মীদের আরও বেশি দায়িত্ব নিয়ে কাজ করার সুযোগ রয়েছে। পরিস্থিতি কঠিন হলেও বহু মানুষ এখনও নেত্রীর পাশে রয়েছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে অনেক কর্মী অত্যাচারিত, বন্দি, ঘরছাড়া এবং কর্মহারা হয়েও তৃণমূলের প্রতি অনুগত রয়েছেন। তাই এই সময়ে অপরিণত বা উদ্দেশ্যপ্রণোদিত কাজ করা একেবারেই কাম্য নয়। বারবার বুঝিয়েও কাজ না হলে আরও কঠোর পদক্ষেপের প্রয়োজন বলেও ইঙ্গিত দিয়েছিলেন তিনি।দলের কর্মীদের উদ্দেশে কুণালের সেই বার্তার পর এ বার কার্যত একই সুর শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেও। আত্মপ্রচার করতে গিয়ে দলের অন্য কর্মীদের বিপদে না ফেলার জন্য স্পষ্ট নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। ফলে তৃণমূলের অন্দরে সমাজমাধ্যমে কর্মীদের অতিসক্রিয়তা এবং দলের গোপন তথ্য বাইরে চলে যাওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

নভেম্বর ২১, ২০২৬
দেশ

যে ভারতকে ‘ডেড ইকোনমি’ বলেছিলেন, সেই দেশেরই প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প! রাহুলকে নিশানা বিজেপির

একসময় ভারতকে ডেড ইকোনমি বা মৃত অর্থনীতি বলে কটাক্ষ করেছিলেন তিনি। সেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখেই এ বার ভারতের অর্থনীতির প্রশংসা! শুধু তা-ই নয়, ভারতের সুদের হার কম রাখার নীতির উদাহরণ টেনে আমেরিকাকেও একই পথে হাঁটার পরামর্শ দিয়েছেন তিনি। ট্রাম্পের এই মন্তব্যকে হাতিয়ার করেই এ বার কংগ্রেস এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে আক্রমণ করল বিজেপি।গত শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতের আর্থিক বৃদ্ধির কথা বলেন ট্রাম্প। তাঁর দাবি, ভারতে সুদের হার কম থাকা সত্ত্বেও দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি প্রায় ৭ শতাংশ হারে বেড়েছে। আমেরিকাতেও সুদের হার কমানো হলে দেশের অর্থনীতি আরও দ্রুত বাড়তে পারত বলে মনে করেন তিনি।ট্রাম্প বলেন, ভারতের মতো সুদের হার কম থাকলে আমেরিকার জিডিপি ১৪, ১৫ এমনকি ২০ শতাংশ পর্যন্ত হতে পারত। তাঁর আরও বক্তব্য, ভারতের সুদের হার কম হওয়া সত্ত্বেও দেশটির জিডিপি ৭ শতাংশ বেড়েছে। আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভও যদি ভারতের মতো নীতি অনুসরণ করে, তা হলে মার্কিন অর্থনীতি আরও শক্তিশালী হতে পারে।আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্কের সুদের হার নীতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। তাঁর অভিযোগ, সুদের হার বেশি রাখার ফলে দেশের অর্থনীতির ক্ষতি হচ্ছে। কেন্দ্রীয় ব্যাঙ্কের সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, আমেরিকার অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে সুদের হার কমানো প্রয়োজন।ট্রাম্পের এই মন্তব্যকেই এ বার কংগ্রেসের বিরুদ্ধে হাতিয়ার করেছে বিজেপি। সমাজমাধ্যমে বিজেপি নেতা আশিস সুদ রাহুল গান্ধীকে নিশানা করেন। তাঁর বক্তব্য, ট্রাম্পের মন্তব্য থেকেই স্পষ্ট যে বিশ্বের বিভিন্ন দেশ ভারতের অর্থনৈতিক বৃদ্ধিকে স্বীকৃতি দিচ্ছে। অথচ রাহুল গান্ধী এবং কংগ্রেস দেশের সাফল্য দেখতে চাইছেন না। দেশের প্রতিটি বিষয়েই তাঁরা অকারণে বিরোধিতা করছেন বলে অভিযোগ করেন তিনি।বিজেপি সাংসদ প্রবীণ খান্ডেলওয়ালও এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করেন। তাঁর দাবি, নানা কঠিন পরিস্থিতির মধ্যেও ভারতের অর্থনীতি স্থিতিশীল রয়েছে। মোদী সরকারের নেতৃত্বেই এই সাফল্য এসেছে বলে মন্তব্য করেন তিনি।তবে ট্রাম্পের এই মন্তব্য ঘিরে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে তাঁর আগের অবস্থান নিয়ে। ২০২৫ সালের জুলাই মাসে ভারতকে ডেড ইকোনমি বলে কটাক্ষ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতের বাণিজ্য নীতি এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়েও সেই সময় সমালোচনা করেছিলেন তিনি।সেই ট্রাম্পের মুখেই এখন ভারতের অর্থনীতির প্রশংসা। একদিকে ভারতের আর্থিক বৃদ্ধির স্বীকৃতি, অন্যদিকে আমেরিকার সুদের হার কমানোর পক্ষে সওয়াল। ট্রাম্পের এই অবস্থান পরিবর্তন ঘিরেই নতুন করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা।

নভেম্বর ২১, ২০২৬
দেশ

আমার কথা শুনেই কমেছে সোনার দাম! দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে কী বললেন মোদী?

বিয়ের মরশুমে সোনার দাম নিয়ে সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে। এর মধ্যেই সোনার দাম কমা নিয়ে বড় মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, এক বছর আগে দেশবাসীকে খুব প্রয়োজন না হলে সোনা না কেনার আবেদন জানিয়েছিলেন তিনি। সেই আবেদনে সাড়া দিয়েছেন সাধারণ মানুষ। আর তাতেই সোনার দাম কমেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তাঁর কথা মেনে চলার জন্য দেশবাসীকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।শনিবার লখনউয়ে আইআইটির ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন মোদী। সেখানেই দেশের অর্থনীতি এবং সোনার দাম নিয়ে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী জানান, প্রায় এক বছর আগে দেশবাসীর কাছে তাঁর আবেদন ছিল, খুব প্রয়োজন না হলে এক বছর যেন কেউ সোনা না কেনেন।সেই প্রসঙ্গ টেনে মোদী বলেন, এক বছর আগে আমি দেশবাসীর কাছে আবেদন করেছিলাম, খুব প্রয়োজন না হলে এক বছর সোনা কিনবেন না। লালবাহাদুর শাস্ত্রীজি যখন দেশবাসীকে এক বেলা খাবার ছেড়ে দেওয়ার আবেদন করেছিলেন, তখনও দেশের মানুষ সেই কথা মেনে নিয়েছিলেন। আজও মানুষের মধ্যে সেই মানসিকতা রয়েছে। আমার মতো একজন সাধারণ মানুষের কথায় মানুষ সোনা কেনা কমিয়েছেন। তার ফলে সোনার দাম কমেছে। আজ অনেকে আমাকে বলছেন, আপনার কথা শুনে আমাদের টাকা বেঁচে গিয়েছে।এ দিনের অনুষ্ঠানে শুধু সোনার দাম নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব এবং ভবিষ্যতের কর্মসংস্থান নিয়েও নিজের মতামত জানান প্রধানমন্ত্রী। কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে আগামী দিনে চাকরির সুযোগ কমে যেতে পারে বলে বিভিন্ন মহলে আশঙ্কা তৈরি হয়েছে। তবে মোদীর মতে, যাঁদের হাতে কাজের দক্ষতা রয়েছে, তাঁদের কর্মসংস্থানের সুযোগ সহজে কমবে না।প্রধানমন্ত্রী জানান, নতুন জাতীয় শিক্ষানীতিতে দক্ষতা বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তাঁর দাবি, ২০১৪ সালের পর দেশে পাঁচ হাজার নতুন শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠান তৈরি হয়েছে। আগামী দিনে শিল্প, উৎপাদন এবং প্রযুক্তির ক্ষেত্রে দক্ষ কর্মীদের চাহিদা আরও বাড়বে বলেও মনে করেন তিনি।এই প্রসঙ্গে মোদী বলেন, আমি আজ আরও একটি কথা বলছি, আপনারা লিখে রাখুন, সময় বদলাচ্ছে। কাগজের শংসাপত্র নিয়ে কোট-প্যান্ট পরে যাঁরা ঘুরছেন, তাঁদের তুলনায় দক্ষ ও গুণী ব্যক্তিদের কদর বাড়বে।অর্থাৎ, শুধু শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র নয়, বাস্তবে কাজ করার দক্ষতাই আগামী দিনে কর্মসংস্থানের ক্ষেত্রে বেশি গুরুত্ব পাবে বলে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।

নভেম্বর ২১, ২০২৬
রাজ্য

ন্যানো বিদায়ের ১৮ বছর পর সিঙ্গুরে ফিরছে গাড়ি কারখানা! এ বার ট্রাক তৈরি করবে কোন সংস্থা?

এক সময় যে সিঙ্গুরে টাটার ন্যানো গাড়ি কারখানা ঘিরে আন্দোলন, বিক্ষোভ এবং রাজনৈতিক পালাবদল হয়েছিল, সেই সিঙ্গুরেই এ বার নতুন করে শিল্পের স্বপ্ন দেখছেন বাসিন্দারা। সেখানে ট্রাক তৈরির কারখানা গড়তে চলেছে অশোক লেল্যান্ড। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের দিনই এই খবর জানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।সুকান্তর দাবি, খুব শীঘ্রই সিঙ্গুরে ট্রাক তৈরির কারখানা গড়বে অশোক লেল্যান্ড। তাঁর কথায়, সৌভাগ্যবশত বাংলায় এমন একটি সরকার তৈরি হয়েছে, যারা শিল্প আনতে চায়। কিছু দিনের মধ্যেই মুখ্যমন্ত্রী জানালেন, অশোক লেল্যান্ড আসবে। তারা সিঙ্গুরে ট্রাক তৈরির কারখানা তৈরি করবে।সম্প্রতি সিঙ্গুরে গিয়ে শিল্প নিয়ে আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, সিঙ্গুরবাসীর অনেক স্বপ্ন ছিল। জমির চরিত্র বদলে গিয়েছে। আমরা নিশ্চিত কিছু তো করব। সিঙ্গুরের বেকার যুবকেরা পরিবেশবান্ধব শিল্প চান। সরকার সব জায়গায় কাজ করেছে।এক সময় সিঙ্গুরের জমিতে টাটার ন্যানো গাড়ি কারখানা তৈরির উদ্যোগ ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। আন্দোলন, বিক্ষোভ এবং অনশনের পর শেষ পর্যন্ত সিঙ্গুর থেকে কারখানা সরিয়ে নেয় টাটা। সেই ঘটনার পর কেটে গিয়েছে প্রায় ১৮ বছর। এ বার সেই সিঙ্গুরেই নতুন করে কারখানা তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ দিন খড়গপুর আইআইটিতে এসেছিলেন। সেই দিনই সিঙ্গুরে অশোক লেল্যান্ডের ট্রাক কারখানা তৈরির খবর সামনে আনলেন কেন্দ্রীয় মন্ত্রী। ফলে দীর্ঘদিন পর সিঙ্গুরে শিল্প ফিরবে কি না, সেই আশায় নতুন করে বুক বাঁধছেন স্থানীয় বাসিন্দারা।

নভেম্বর ২১, ২০২৬
বিনোদুনিয়া

স্বভূমির নতুন ঠিকানায় টলিউডের তারকাদের মিলনমেলা, ‘পাগলা ঘোড়া’র সাফল্যে সমৃদ্ধ প্রযোজনা সংস্থা, পরিচালক শেখর দাশ ও সমগ্র কলাকুশলীগণ

নতুন ঠিকানায় পথচলা শুরু করল স্বভূমি এন্টারটেইনমেন্ট। স্বভূমি এন্টারটেইনমেন্টের উদ্যোগে কর্ণধার ডঃপ্রবীর ভৌমিক, কার্যনির্বাহী প্রযোজক বিপাশা ঘোষাল, CEO তিয়াস ভট্টাচার্য ও গণমাধ্যম ও মার্কেটিং এর দায়িত্ব প্রাপ্ত রানা বসু ঠাকুর এনাদের ব্যবস্থাপনায় পোদ্দার নগরে সংস্থার নতুন অফিসে আয়োজিত হয় গৃহপ্রবেশ অনুষ্ঠান। ধর্মীয় রীতি মেনে পূজার্চনার মধ্য দিয়ে নতুন অফিসের শুভ সূচনা হয়। এই উপলক্ষে চলচ্চিত্র জগতের একাধিক পরিচিত ব্যক্তিত্বের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে বিশেষ আকর্ষণীয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক শেখর দাস। তাঁর পরিচালনায় নির্মিত পাগলা ঘোড়া সম্প্রতি ৫৭তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (IFFI), গোয়ার ইন্ডিয়ান প্যানোরামা বিভাগের নির্বাচিত ফিচার ফিল্মের তালিকায় জায়গা করে নিয়েছে। বাদল সরকারের কালজয়ী নাটক অবলম্বনে নির্মিত এই ছবিটি ওই বিভাগে নির্বাচিত একমাত্র বাংলা চলচ্চিত্র। ফলে ছবিটির এই স্বীকৃতি বাংলা চলচ্চিত্র জগতের কাছে বিশেষ তাৎপর্য বহন করছে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অনির্বাণ চক্রবর্তী, অভিনেত্রী কাঞ্চনা মৈত্র, অভিনেত্রী অ্যানি-সহ টলিউডের আরও একাধিক পরিচিত মুখ। ও অভাগী-র কলাকুশলীদের সঙ্গে নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অনির্বাণ চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন প্রতিভাবান মডেল ও অভিনেত্রী পূজা গোস্বামী, অভিনেত্রী দীর্ঘই পাল, অভিনেতা জয়ন্ত হোড় সহ অন্যান্য বিশিষ্টরা।চলচ্চিত্র জগতের বিভিন্ন বিষয়, আগামী দিনের কাজ এবং বাংলা সিনেমার বর্তমান পরিস্থিতি নিয়ে অতিথিদের মধ্যে চলে আলাপচারিতা ও আড্ডা। স্বভূমি এন্টারটেইনমেন্টের নতুন অফিসের এই শুভ সূচনা শুধু একটি নতুন কর্মস্থলের সূচনা নয়, বরং চলচ্চিত্র জগতের পরিচিত মানুষদের একত্রিত হওয়ারও একটি বিশেষ উপলক্ষ হয়ে উঠেছিল।

নভেম্বর ২১, ২০২৬
খেলার দুনিয়া

রাহুলের শতরান, গিলের আক্ষেপ! ব্যাট হাতে নিউজিল্যান্ডের মাটিতে ভারতীয়দের দাপট, চালকের আসনে টিম ইন্ডিয়া

ওয়েলিংটন: নিউজিল্যান্ডের মাটিতে ব্যাট হাতে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করছে ভারত। প্রথম দিনের ধাক্কা সামলে দুর্দান্ত প্রত্যাবর্তন শুভমন গিলের দলের। ভারতীয় ব্যাটারদের ধারাবাহিক পারফরম্যান্সে প্রথম টেস্টে এখন অনেকটাই সুবিধাজনক জায়গায় রয়েছে টিম ইন্ডিয়া। তৃতীয় দিনের শেষে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের রানকে ছাপিয়ে বড় লিডের পথে এগোচ্ছে ভারত।নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ৩৬৮ রানের জবাবে দিনের শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ৪৮৬। অর্থাৎ, হাতে এখনও ছয় উইকেট থাকতেই ১১৮ রানের লিড তুলে নিয়েছে ভারত। শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিংয়ে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন দলের একাধিক ব্যাটার।দিনের অন্যতম বড় প্রাপ্তি লোকেশ রাহুলের দুরন্ত শতরান। ১৩৬ রানের ইনিংসে নিজের অভিজ্ঞতা ও ধৈর্যের পরিচয় দিয়েছেন তিনি। তাঁর ব্যাট থেকে এসেছে ৯টি চার ও ২টি ছয়। টেস্ট ক্রিকেটে এটি রাহুলের দ্বাদশ শতরান। পাশাপাশি দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া চার দেশের মাটিতেই টেস্ট শতরান করে বিশেষ কৃতিত্ব অর্জন করেছেন ভারতীয় এই ওপেনার।রাহুলের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে ইনিংসকে এগিয়ে নিয়ে যান দেবদত্ত পডিক্কল। ৮০ রানের ঝকঝকে ইনিংসে তাঁর অবদান ভারতকে মজবুত ভিতের উপর দাঁড় করায়। দুজনের জুটিতে ওঠে ১৬৫ রান। এর আগে যশস্বী জয়সবালের আক্রমণাত্মক শুরু ভারতীয় ইনিংসে গতি এনে দিয়েছিল।অধিনায়ক শুভমন গিলও ব্যাট হাতে নজর কাড়েন। তবে শতরানের খুব কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত ৯৮ রানে থেমে যেতে হয় তাঁকে। মাত্র দুই রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হওয়ায় হতাশা থাকলেও তাঁর ইনিংস ভারতের অবস্থান আরও শক্ত করেছে। ৯টি চার ও ২টি ছক্কায় সাজানো গিলের ইনিংস ছিল যথেষ্ট পরিণত।দিনের শেষ ভাগে ব্যাট হাতে ঝড় তোলেন ঋষভ পন্থ। দ্রুত রান তুলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি। দিনের শেষে ৫৫ রানে অপরাজিত রয়েছেন পন্থ। তাঁর সঙ্গে ক্রিজে আছেন অনশুল কম্বোজ, এখনও রান করতে পারেননি।ভারতীয় ব্যাটারদের সামনে নিউজিল্যান্ডের বোলিং আক্রমণ এ দিন কার্যত নিষ্প্রভ হয়ে পড়ে। কাইল জেমিসন, নাথান স্মিথ ও ম্যাট হেনরি একটি করে উইকেট পেলেও ভারতকে চাপে রাখার মতো ধারাবাহিকতা দেখাতে পারেননি কেউই। জ্যাকব ডাফিও একটি উইকেট নিয়েছেন, তবে রান খরচ হয়েছে অনেকটাই।প্রথম দিনের ব্যর্থতা কাটিয়ে ভারত এখন ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজের হাতে তুলে নিয়েছে। বাকি ব্যাটাররা যদি এই ছন্দ ধরে রাখতে পারেন, তবে নিউজিল্যান্ডের সামনে চতুর্থ দিনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলেই মনে করছেন ক্রিকেট মহলের একাংশ।

নভেম্বর ২১, ২০২৬
দেশ

রাজস্থান থেকে দেহ নিয়ে কোচবিহার ফিরছিলেন! উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের তিন ভাই-সহ মৃত ৫

রাজস্থান থেকে এক আত্মীয়ের মৃতদেহ নিয়ে কোচবিহারে ফিরছিলেন পরিবারের সদস্যেরা। কিন্তু বাড়ি ফেরা আর হল না তাঁদের। উত্তরপ্রদেশের বারাবাঁকিতে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন অ্যাম্বুল্যান্সে থাকা পাঁচজন। মৃতদের মধ্যে রয়েছেন একই পরিবারের তিন সদস্য এবং দুই অ্যাম্বুল্যান্স চালক। শনিবারের এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কোচবিহারে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন ৩৮ বছরের আজিজুল হক। তিনি কোচবিহারের বালাভূ এলাকার বাসিন্দা ছিলেন। কাজের সূত্রে রাজস্থানের জয়পুরে গিয়েছিলেন তিনি। সেখানেই তাঁর মৃত্যু হয়। আজিজুলের দেহ কোচবিহারে ফিরিয়ে আনতে রাজস্থানে গিয়েছিলেন তাঁর দুই ভাই রফিকুল হক ও আমিনুল হক। তাঁদের সঙ্গে ছিলেন অ্যাম্বুল্যান্সের দুই চালক।অ্যাম্বুল্যান্সে আজিজুলের দেহ নিয়ে কোচবিহারের উদ্দেশে রওনা হয়েছিলেন তাঁরা। কিন্তু উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের কাছে বারাবাঁকির সুবেহা থানার গেঁরোয়া গ্রামের কাছে ঘটে যায় দুর্ঘটনা। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানের পিছনে সজোরে ধাক্কা মারে দ্রুতগতিতে আসা অ্যাম্বুল্যান্সটি। ধাক্কার তীব্রতায় অ্যাম্বুল্যান্সটি দুমড়ে-মুচড়ে যায়। ভেঙে যায় গাড়ির জানলার কাচ। ক্ষতিগ্রস্ত হয় পিকআপ ভ্যানটিও।দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও। অ্যাম্বুল্যান্সের ভিতর থেকে পাঁচজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের দ্রুত হায়দরগড়ের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা পাঁচজনকেই মৃত বলে ঘোষণা করেন।বারাবাঁকির পুলিশ সুপার জানিয়েছেন, অ্যাম্বুল্যান্সে দুজন চালক ছিলেন। মৃতদেহের সঙ্গে পরিবারের তিন সদস্যও ছিলেন। দুর্ঘটনায় সকলেরই মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই কোচবিহারে মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। দুঃসংবাদ পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে তাঁদের বাড়িতে।কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। অ্যাম্বুল্যান্সের গতি কত ছিল, চালকেরা মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এক আত্মীয়ের মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে এমন মর্মান্তিক পরিণতিতে শোকস্তব্ধ কোচবিহারের বাসিন্দারা।

নভেম্বর ২১, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal